চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঝড়বৃষ্টির সময় উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রাম ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে বজ্রপাতে তারা মারা যান।

মৃতরা হলেন আঁখিরা গ্রামের মেরিনা বেগম (৪০)  ও একই গ্রামের খাইরুল ইসলাম (৫০) এবং বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের সেমিয়ারা বেগম (৪২)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সকাল ৭টার দিকে ঝড়বৃষ্টির সময় তারা বাড়ির পাশে আমবাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া জানান, বজ্রপাতে মারা যাওয়া দুজনের পরিবারকে নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা দেয়া হবে। তাদের দাফনের ব্যবস্থা করাও হয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকৌশলী আরিফুর ইসলাম জানান, বজ্রপাতে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেয়া হয়েছে।