প্রায় ৮ বছর তিনমাস পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় কারামুক্ত হন তিনি। জেল থেকে মুক্ত হয়ে তিনি সীতাকুণ্ডে নিজের বাড়িতে গেছেন। আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৬ সালের ১৬ মে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, আসলাম চৌধুরী কারাগারে ছিলেন। জামিনে সকল কাগজ-পত্র যাচাই বাছাই করে মঙ্গলবার সকাল দশটায় তিনি কারাগার থেকে বের হন।
আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম জানান, মো. আসলাম চৌধুরীকে ৭৬টি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাবন্দী রাখা হয়। ৭৬টি মামলার মধ্যে ৭৫টি মামলায় জামিন হয়েছিল। কিন্তু ২০১৩ সালে ঢাকার কোতোয়ালী থানার রাজনৈতিক মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও ২০২১ সালে গ্রেফতার দেখিয়ে তাকে জেলে আটকে রাখা হয়।
তিনি আরো বলেন, ঐ মামলায় ৫ জানুয়ারি ২০২২ সালে মহামান্য হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্রপক্ষ চেম্বার জজে আপিল করলে জামিন স্থগিত হয়। ১৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়েরকৃত আপিল খারিজ করে দিয়েছেন।










