মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে গুরুত্ব দেয়া সরকার। শেখ হাসিনা শিক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছেন দেশের ইতিহাসে অতীতে কোনো সরকার তা দেয়নি। কেউ কল্পনা করেনি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। শেখ হাসিনা মনে করেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি নিজেরাই উন্নয়নের চাকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এ শিক্ষাবান্ধব সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে।
গতকাল বিকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠিতে সদ্যপ্রতিষ্ঠিত শ্রীরামকাঠি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম আরো বলেন, সামনে নির্বাচন তাই কারো কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
শ্রীরামকাঠি কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি এসএম রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার মিস্ত্রি, উত্তর মঠের প্রতিষ্ঠাতা কুমার আচার্য, ব্যবসায়ী সুশীল কুমার মণ্ডল প্রমুখ।










