জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ‘কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ নড়াইল এর বিচারক আমাতুল মোর্শেদা এ আদেশ দেন। জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু মামলার রায়ের বিষিয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু আরও বলেন, করাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেন। আসামি গ্রেফতারের পর থেকে এ রায় কার্যকর হবে বলেও জানান তিনি।
গত ২০১৪ সালে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তারেক রহমান ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্যে বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন। এখবর গণমাধ্যমে প্রকাশ পেলে সারাদেশে বেশ কয়েকটি মামলা হয় তার বিরুদ্ধে।
ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইলের হাকিম আদালতে এ মামলাটি দায়ের করেছিলেন কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেত কমান্ডার শাহাজাহান বিশ্বাস।










