টাঙ্গাইলের মধুপুরে বাস ডাকাতি ও ধর্ষণ মামলার মূল হোতা রাজা মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত রাজা মিয়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। সে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার ভাড়া বাসায় থাকত এবং টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ঝটিকা বাসের চালক ছিল।

সংবাদ সম্মলনে এসপি জানান, ৩ আগস্ট রাত দেড়টায় বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার ২০-৩০ মিনিট পরে নাটিয়াপাড়া এলাকায় ১০-১২ জন ডাকাত সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ড্রাইভারের হাত-পা বেঁধে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরবর্তী সময়ে গোড়াই থেকে ইউটার্ন নিয়ে এলেঙ্গা হয়ে ময়মনসিংহ রোড ধরে যেতে থাকে। এ সময়ের মধ্যে ডাকাত দল বাসের জানালার পর্দা ও যাত্রীদের পরনের বিভিন্ন কাপড় ছিঁড়ে চোখ এবং হাত বেঁধে ফেলে। এসময় ২৪ যাত্রীর টাকা, মোবাইল, স্বর্ণলংকার হাতিয়ে নেয় এবং এক নারীকে  সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। 

এ বিষয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। রাতে নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা রাজাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় অজ্ঞাত ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।