বেনাপোল কাস্টম হাউজে ঘুস নেয়ার অভিযোগে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, শামীমা আক্তার তার ক্ষমতার অপব্যবহার করে আমদানি পণ্যের শুল্কায়ন প্রক্রিয়ায় সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছ থেকে নিয়মিত ঘুস নিতেন। এ কাজে তাকে সহায়তা করতেন স্থানীয় এনজিও কর্মী হাসিবুর রহমান।

৬ অক্টোবর ছদ্মবেশে বেনাপোল কাস্টম হাউজের আশপাশে অভিযান চালায় দুদকের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউজের গেটের কাছ থেকে ঘুসের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিবুর রহমানকে আটক করা হয়।

তারা দুজনই ঘুসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে শামীমা জানিয়েছেন, হাসিবুর রহমানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে এবং তিনি তাকে টাকা অফিসে আনার নির্দেশ দিয়েছিলেন।

দুদকের যশোর কার্যালয়ের উপপরিচালক সালাহউদ্দীন বলেন, ‘আটক রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও হাসিব হোসেনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল আমীন বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে মামলাটি করেছেন।’

যশোর কার্যালয়ের দুদকের উপপরিচালক সালাহউদ্দীন বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বেনাপোল কাস্টমস ঘুসমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’