জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আবেদন শুরু হবে আগামী ৯ মে থেকে, আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত। আর আগামী ১৬ জুন ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ জুন পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বিষয়টি নিশ্চিত করেন।

ডেপুটি রেজিস্ট্রার জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন ফরমের মূল্য কমানো বা বাড়ানো হয়নি। গত বছর যে মূল্যে ফরম বিক্রি হয়েছে, এবারও তাই অপরিবর্তিত থাকবে। তবে এবার ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনকে (আইবিএ) একটি আলাদা ইউনিট করার পাশাপাশি নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগকে যুক্ত আরো একটি ইউনিট করা হয়েছে। ফলে এবার পরীক্ষা হবে ৭টি ইউনিটে।