নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্ন করতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের একটি দল উপজেলার মদনপুর, কেওঢালা পশ্চিমপাড়া ও জাঙ্গাল হালুয়া রোড এলাকার ৩ হাজার ৪০০ বাড়িতে এ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুইটি স্পট থেকে ৬৮০ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করেন।

তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

অভিযানের সময় উপস্থিত ছিলেন-সোনারগাঁও আঞ্চলিক বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুয আলম, ব্যবস্থাপক (জোবিঅ-সোনারগাঁও) প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান, উপব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।