নোয়াখালী-৬ আসনের এনসিপি দলীয় সদস্য আবদুল হান্নান মাসউদের বিশেষ অধিকার প্রশ্নে আনীত এক নোটিসের জবাবে গতকাল সংসদে এ কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (৭১-বিধি) নোটিসের ওপর বক্তব্য দিতে গিয়ে আবদুল হান্নান মাসউদ জানমালের নিরাপত্তা চান।
নির্বাচনের আগে ও পরে মিলিয়ে তিনি অন্তত পাঁচবার সরাসরি হামলার শিকার হয়েছেন দাবি করে এ ঘটনার সংসদীয় তদন্তের পাশাপাশি নিজের ও কর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করেন।
জবাবে সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, ‘সংসদ সদস্য হান্নান মাসউদের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংসদ সদস্যের বক্তব্যের প্রতিটি বিষয় আমি মনোযোগ দিয়ে শুনেছি। যদি হামলার এ ঘটনাগুলো সত্য হয়ে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক এবং সরকার অপরাধীদের ছাড় দেবে না।’
সংসদ সদস্য হান্নান মাসউদকে সংশ্লিষ্ট থানায় মামলা বা জিডি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত কঠোর ব্যবস্থা নেবে। কেবল এ সংসদ সদস্যই নন, হাউজের যেকোনো সদস্য যদি এ ধরনের পরিস্থিতির শিকার হন বা নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা যেন তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্থানীয় থানাকে অবহিত করা হয়। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।’










