বরিশাল নগর উন্নয়নে আরো ২০০ কোটি টাকা দেবে জার্মান ডেভেলপমেন্ট করপোরেশন। সিটি করপোরেশনের আওতাধীন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং খাল সংস্কারসহ বিভিন্ন উন্নয়নে ব্যয় হবে এ অর্থ। এ লক্ষ্য বাস্তবায়নে গতকাল নগরীর একটি হোটেলে জার্মান ডেভেলমেন্ট করপোরেশনের প্রতিনিধির সঙ্গে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি সংলাপে অংশ নিয়ে বলেন, জার্মান ডেভেলপমেন্ট করপোরেশনের অর্থায়নের উন্নয়ন প্রকল্পগুলো যেন শারীরিক প্রতিবন্ধী ও শিশুবান্ধব করা হয়। এছাড়া নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং খননের পরে পুনরায় দখল রোধে খালের দুই পাশে মানসম্পন্ন ওয়াকওয়ে স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন নাগরিক প্রতিনিধিরা। নিম্ন আয়ের মানুষের ঘনবসতি এলাকা রসুলপুর ও মোহাম্মদপুর চর জোয়ারের পানিতে প্লাবিত হওয়া রোধ করতে কীর্তনখোলার তীরে বাঁধ দেয়ার সুপারিশও করা হয়।
এ সময় জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিনিধি স্টিফেন ক্লাপেন্স ও থমাস মুড বলেন, ‘স্বল্প ব্যয়ে অধিকসংখ্যক মানুষ সুবিধাভোগী হয়—এমন উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার দেয়া হবে।’ তারা প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই-বাছাই নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, ‘বিগত দুটি মেয়াদে নগরীতে কোনো উন্নয়ন হয়নি। নগর ভবনে প্রশাসনিক কাঠামো বলতে কিছু ছিল না। দেশী-বিদেশী অর্থায়ন ও সবাই সম্মিলিতভাবে কাজ করলে এ নগর আবার পুনর্গঠন সম্ভব হবে।’










