নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ সোমবার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের গোহালাকান্দা ইউনিয়নের মহিষবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার শালতীঘা গ্রামের সুরুজ আলী (৬৫) ও একই উপজেলার গৌরাকান্দা গ্রামের শাহজাহান মিয়া (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে একটি অটোরিকশা উপজেলার হামিদপুর এলাকা থেকে তিনজন যাত্রী নিয়ে শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিল। অটোরিকশাটি গোহালাকান্দা ইউনিয়নের মহিষবেড় নামক স্থানে পৌঁছলে দুর্গাপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুরুজ আলী নিহত হয়। এ সময় অটোচালকসহ তিনজন যাত্রী গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত অপর যাত্রী শাহজাহান মিয়া মারা যায়। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই নাজমুস সাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপর চালক পালিয়ে যায়।