ছাত্র-জনতা একত্রিত হয়ে রংপুরের বদরগঞ্জে সংসদ সদস্য আবুল কালাম মো.
আহসানুল হক চৌধুরী (ডিউক) ও পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরীর (টুটুল) বাসায় অগ্নিসংযোগ
করেছে। আজ রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এক দফা দাবি নিয়ে ছাত্র-জনতা বদরগঞ্জ পৌর শহরের জিতেন
দত্ত মঞ্চের সামনে অবস্থান নেন। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া করে।
ছাত্রলীগ নেতাকর্মীরা আত্মরক্ষায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মো.
আহসানুল হক চৌধুরীর (ডিউক) বাসভবনে গিয়ে আশ্রয় নেন। এ সময় শিক্ষার্থীরাও ইট-পাটকেল
নিক্ষেপ করতে থাকে সংসদ সদস্যের বাসভবনে। পরে তারা এমপির বাসভবনের ভেতরে প্রবেশ করে
অন্তত ২০টি মোটরসাইকেলসহ সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগ করেন।
সংসদ সদস্যের বাসভবন ছাড়াও মেয়র টুটুল চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক
পলিন চৌধুরী ও সাবেক মেয়র উত্তম কুমার সাহার বাসভবনেও হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা
হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।










