মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। পূর্ব ঘোষিত ১৪৫ টাকা নয়, আজ সোমবার থেকে ১২০ টাকা মজুরি রেখেই কাজে ফিরছেন চা শ্রমিকরা।
গতকাল রোববার দিবাগত মধ্যরাতে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈঠক শেষে জেলা প্রশাসক ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা এই সিদ্ধান্ত জানান।
বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে কথা বলবেন আন্দোলনকারীদের সাথে। মজুরি বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখছেন ইউনিয়ন নেতারা৷
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম।
শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা ও অর্থ সম্পাদক পরেশ কালিন্দী।
এর আগে আন্দোলনের প্রেক্ষিতে গত ২০ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা-শ্রমিক ও সরকারের সভা অনুষ্ঠিত হয়। সেখানে নতুন মজুরি নির্ধারণ করা হয় ১৪৫ টাকা। তখন চলমান কর্মবিরতি প্রত্যাহার করার কথা জানান শ্রমিক নেতারা। কিন্তু সাধারণ শ্রমিকদের তোপের মুখে পড়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসে চা-শ্রমিক ইউনিয়ন।










