ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’সহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা। গতকাল বৃহস্পতিবার সাগরে টহল দেয়ার সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করা হয়। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে নৌবাহিনী।
উদ্ধার জেলেরা জানান, ট্রলারটি গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরে ৯ সেপ্টেম্বর রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ১২ জন জেলেসহ সাগরে ভাসতে থাকে।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকা সত্ত্বেও রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সী স্টেট ৪-এর উত্তাল সমুদ্র পরিস্থিতিতে বানৌজা পদ্মা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। কয়েক ঘণ্টার তীব্র অনুসন্ধান শেষে রাডারের মাধ্যমে ভাসমান ট্রলারটি শনাক্ত করা হয়। পরে রাত প্রায় সাড়ে ১০টায় বানৌজা পদ্মা সফলভাবে ‘এফবি নাঈম’ ও এতে থাকা ১২ জেলেকে উদ্ধার করে। এ সময় জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়া মাছ ধরার সময় আহত একজন জেলেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এতে আরো উল্লেখ করা হয়, প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বানৌজা পদ্মা ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টোয়িং করে সুন্দরবন সংলগ্ন দুবলার চরে অবস্থিত কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে নিরাপদে নিয়ে যায়। পরে ট্রলারসহ উদ্ধারকৃত ১২ জন জেলেকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।










