রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রোগীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে ৯৭ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের ওষুধ এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব ওষুধ হাসপাতালটিতে ভর্তি রোগীদের বিনামূল্যে দেয়া হবে।

আজ মঙ্গলবার রাত ৯ টায় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্টোরে দেড় হাজার বক্স ইনজেকশন ডুপিলুম্যাব এবং ১৫০ বক্স ইনজেকশন সারিলুম্যাব এসে পৌঁছেছে। আমেরিকান দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফের সঙ্গে যোগাযোগ করে রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. আজিজুল হক আজাদ ওষুধগুলো এনেছেন। তাকে সহযোগিতা করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম।

এতে বলা হয়, ডুপিলুম্যাব refractory asthma, COPD, refractory atopic dermatitis, chronic refractory urticaria, pemphigus, pemphighoid এবং সারিলুম্যাব rheumatoid arthritis, giant cell arteritis, polyarticular JIA ইত্যাদি রোগে ব্যবহার করা হয়। আগামীকাল সকালে ঢাকা থেকে আরেকটি শিপমেন্টে ইনহেলার স্যালমেটেরল-ফ্লুটিকাসন, সেফডিনির সিরাপ, ল্যাবেটালল, আরলোটিনিব, আর্সেনিক ট্রাইঅক্সাইড এবং আরো কিছু ওষুধ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্টোরে এসে পৌঁছবে।

এতে আরো জানানো হয়, গত সপ্তাহে আমরা ফ্যাক্টর এইট এবং injection Docetaxel ডোনেশন পেয়েছি। ডোনার এজেন্সির তথ্য অনুযায়ী, তিন শিপমেন্টে প্রাপ্ত ওষুধের দাম ৭৯ লাখ পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৯৭ কোটি ৪৮ লাখ টাকা।