চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ভোলাহাট উপজেলার দূর্গাপুরের হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫) ও ইয়াকুব আলী (২২)।

ওসি ও ইউপি চেয়ারম্যান জানান, রাত সাড়ে ৮টার দিকে বড়গাছী-রহনপুর সড়কের কলমুগড়া এলাকায় ডাকাতের কবলে পড়েন কয়েকজন ভ্যানযাত্রী। ডাকাত দলের সদস্যরা ভ্যান যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে যায় জাহাঙ্গীর ও ইয়াকুব। উত্তেজিত জনতা তাদের গাছ থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে আছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।