সারাদেশের মতো মেহেরপুরেও আজ নভেল করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে মেহেরপুরের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনা যুগের অবসান ঘটবে। আর টিকা গ্রহণের যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন এর মধ্য দিয়ে আমরা করোনা যুগ থেকে আবারও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাবো।

এর আগে আজ সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা গ্রহণ করেন তিনি নিজেও।

টিকাদান কার্যক্রম উদ্বোধনের পর মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এর পরে সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন, ইউপি আই সুপার আব্দুস সালাম ও সিনিয়র নার্স দিপালী রোজারিও টিকা গ্রহণ করেন। রেস্ট্রিস্টেশন অনুযায়ী মেহেরপুর জেনারেল হাসপাতালের ৯টি বুথ ও গাংনী এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে বুথে টিকা প্রদা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। 

মেহেরপুর জেনারেল হাসপাতাল কনফারেন্স রুমে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য। 

এদিকে গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একযোগে শুরু হয়েছে কোভিড ১৯ টিকা প্রদান কার্যক্রম। গাংনী হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদ প্রথম টিকা গ্রহণ করেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার পর্যন্ত টিকা নিতে মেহেরপুর জেলায় রেজিস্ট্রেশন করেছেন ১ হাজার ২০৯ জন, যা চলমান রয়েছে।