মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদীয়া গ্রামে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) খন্দকার লাবণী আক্তারের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ ও  পুলিশ সদস্য মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তারা দুজনই আত্মহত্যা করেছেন।

বুধবার রাত ১২টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নিজ বাড়িতে লাবণী আক্তার আত্মহত্যা করেন। তিনি খুলনা থেকে ১৮ জুলাই ছুটি নিয়ে নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। লাবণী আক্তারের স্বামী আব্দুল্লাহ তারেক বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হিসেবে খুলনায় কর্মরত আছেন। তিনি ব্লাড ক্যান্সারে আক্তান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন।

অন্যদিকে মাহমুদুল হাসান নামে পুলিশ সদস্য গতকাল সকালে পুলিশ লাইন্স ব্যারাকের ছাদে নিজ অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। দেড় মাস আগে খুলনা থেকে বদলি হয়ে মাগুরায় আসেন মাহমুদুল হাসান। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। মাহমুদুল হাসান খুলনায় কর্মরত থাকাকালে লাবণী আক্তারের দেহরক্ষী ছিলেন বলে জানা গেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কলিমুল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।