পঞ্চগড় সদর উপজেলার টুনিহাট বাজারে একটি জ্বালানি কাঠের (খড়ি) গোডাউন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রফিকুল ইসলাম ওরফে ডুবু (৭০)। তিনি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহরুহাট এলাকার বাসিন্দা হলেও টুনিহাট বাজারের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় আজিজুল ইসলাম ওরফে বাচ্চা নামের এক ব্যক্তি গোডাউনে গিয়ে গলাকাটা মরদেহটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা ইউপি চেয়ারম্যান ও থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার সুরতহাল শেষে পুলিশ জানায়, গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং জবাই করে হত্যা করা হয়েছে।
সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি নিয়মিত হত্যা মামলা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমি ইমতিয়াজ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। সিআইডি ও পিবিআইয়ের অপরাধ বিশেষজ্ঞদের ঘটনাস্থলে আনার ব্যবস্থা নেয়া হয়েছে।










