দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকার জরিমানার আদেশও দেয়া হয়। গতকাল দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের হানিফা হাজীর ছেলে বুদু (৪০) ও মোকলেছার রহমানের ছেলে মো. সাগর (৩২)।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর এক গৃহবধূ ফুলবাড়ী উপজেলার পশ্চিম মীরপুর (জলেশ্বর) গ্রামে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে সম্পর্কীয় মামা বুদুর সঙ্গে দেখা হয়। গৃহবধূ তাকে একটি ইজিবাইক ভাড়া করে দিতে অনুরোধ করেন। বুদু ইজিবাইকে তুলে দেয়ার কথা বলে তাকে গ্রামের নির্জন স্থানে নিয়ে যান। এরই মধ্যে বুদু মোবাইল ফোনে তার বাড়ির কাজের ছেলে সাগরকেও ডেকে এনে দুজনে মিলে গৃহবধূকে ধর্ষণ করেন। তাদের হাত থেকে ছাড়া পেয়ে গৃহবধূ চিত্কার করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যান। পরদিন ভুক্তভোগী বাদী হয়ে বুদু ও সাগরকে আসামি করে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।










