স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে ওয়াদা করে ছিলেন, তিনি বাংলাদেশকে বদলে দেবেন, উন্নত রাষ্ট্রে পরিণত করবেন—কথা রেখেছেন। বাংলাদেশে এখন বড় বড় মেগা প্রজেক্ট পরিচালিত হচ্ছে। দেশী-বিদেশী শ্রমিকরা সেখানে কর্মরত আছেন। গতকাল দুপুরে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা সরকারি কলেজে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প দিয়েছিলেন, তখন অনেকেই এটাকে উচ্চাকাঙ্ক্ষা বলেছিল। কিন্তু আজ তা বাস্তবে পরিণত হয়েছে। ২০২১ সালে এসে আমরা বুঝতে পারি ডিজিটালাইজেশন ছাড়া আধুনিক যুগে আমাদের বেঁচে থাকাটা প্রায় অসম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা কলেজের অধ্যক্ষ জালাল হোসেন, ডা. আব্দুর রহমান পাখি, আব্দুর রহিম, আব্দুর রব মিয়াসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।