চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার নারায়ণপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মৃতরা হলেন লিটন (৪৫) ও আশরাফ (২৭)। তারা দুজন নারায়ণপুর বাজারের পাশের পুটিয়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে লিটন ওই ভবনসহ সেপটিক ট্যাংক নির্মাণের ঠিকাদারি নিয়েছিলেন। আর আশরাফ কাজের শ্রমিক ছিলেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, শুক্রবার সকালে নারায়ণপুর বাজারের পাশে আবুল বাশার নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন লিটন ও আশরাফ। এ সময় তারা দুজন ট্যাংকের ভেতরে যান। এরপর বেশ কিছুক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকসহ অন্যরা দেখেন যে তারা ভেতরে অচেতন হয়ে পড়ে আছেন। পরে খবর দেয়া হলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে লিটন ও আশরাফকে মৃত অবস্থায় উদ্ধার করেন।










