কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও অটোরিকশায় থাকা এক পরিবারের চার সদস্যসহ ৫ জনের মৃত্যু হয়েছে।রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত পাঁচজনের মধ্যে দুজন ঘটনাস্থলে, দুজনকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে ও একজন রংপুর মেডিকেল হাসপাতালে মারা যান। ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ। 

নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার অটোচালক জলিল সরকার, পশ্চিম রায়গঞ্জ এলাকার বাসিন্দা সুফিয়া বেগম, তার ছেলে শহিদুল ইসলাম ও স্ত্রী শাহানাজ বেগম এবং তাদের মেয়ে সুমাইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৈশকোচ রায়গঞ্জ ইউনিয়নের নেওয়াশী এলাকায় নাগেশ্বরী অভিমুখে যাওয়া যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সুমাইয়া ও অটোচালক জলিল সরকার নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী শহিদুল, তার মা সুফিয়া বেগম ও স্ত্রী শাহানাজ বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শহিদুল ও তার মায়ের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যু হয় শাহানাজের।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।