আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ৫ নভেম্বর থেকে গণহত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী রেজিম নির্মমভাবে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল। তাতে কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতিদিনই নতুন মৃতের সংখ্যা পাওয়া যাচ্ছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। অনেকের অঙ্গহানি ঘটেছে। এছাড়াও অনেকে চিরতরে বিকলাঙ্গ হয়ে গেছেন।
তিনি বলেন, বাংলাদেশসহ এ উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এত বড় গণহত্যার নজির নেই। পৃথিবীর ইতিহাসেও এটি বিরল। এ মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। আমরা শিল্প ও পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের নেতৃত্বে দ্রুততার সঙ্গে ট্রাইব্যুনালের ভবনের সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করেছি। চিফ প্রসিকিউটর এবং তার টিম প্রতিদিন এ কাজ তদারকি করছেন।
আসিফ নজরুল বলেন, আমরা আশা করছি, ৫ নভেম্বরের মধ্যে এ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হবে। বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা জুলাই-আগস্টে প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা এ বিচার দ্রুত করতে বদ্ধপরিকর।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম আগামী পরশুদিন থেকে শুরু হবে।










