চাঁদপুরের বড় স্টেশন এলাকার রেলওয়ে স্টেশন প্লাটফর্মের নবনির্মিত দেয়াল ধসে পড়েছে। নির্মাণের এক মাসের মধ্যেই ১ হাজার ২০০ ফুট দেয়ালের একাংশ ধসে পড়েছে। অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় দেয়ালের ২০০ ফুট ধসে পড়েছে।
জানা যায়, চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনে কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ে কাজ করছে। চাঁদপুর-লাকসাম রেলপথে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের ট্রেনে নিরাপদে ওঠানামার অন্যতম প্লাটফর্ম এটি। দুই মাস সময় নিয়ে ১ হাজার ২০০ ফুট পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ব্যবহারের আগেই বৃষ্টির পানির চাপে দেয়ালের একাংশ ধসে পড়েছে।
এদিকে রেলওয়ের ঠিকাদার ভেঙে পড়া দেয়ালের অংশটি পুনরায় নির্মাণ শুরু করলে স্থানীয়দের চাপে চাঁদপুর পৌর কাউন্সিলর মো. সফিকুল ইসলাম কাজ বন্ধ করে দেন।
চাঁদপুরের এ রেলওয়ে স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা মো. আবদুর নূর জানান, বড় স্টেশন এলাকার প্লাটফর্ম বর্ধিত করার কাজ চলছে। ছয় থেকে সাত মাস যাবত কাজ চলছে। বর্তমানে যে স্থানে দেয়াল ভেঙে পড়েছে সে কাজ মাসখানেক আগে করা। বর্তমানে প্লাটফর্মে কাজ চলমান। ১০ ইঞ্চি দেয়াল সামান্য বৃষ্টির কারণে ধসে পড়ে ও দেয়াল ভেঙে যেতে পারে না। এখানে ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করার ফলে এ ঘটনা ঘটেছে। এখানকার স্থানীয় কর্তৃপক্ষের তদারকি সঠিকভাবে না করার কারণে এমনটি হয়েছে।
চাঁদপুর-লাকসামের দায়িত্বরত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বেলাল এন্টারপ্রাইজ রেললাইনের পাশে সম্প্রসারণ ও প্লাটফর্মের কাজের জন্য টেন্ডার প্রক্রিয়ায় কাজটি পেয়েছেন। ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে রেলওয়ের নিজস্ব তহবিল থেকে কাজটি করা হচ্ছে। দেয়ালে কোনো আরসিসি পিলার নির্মাণ করা হয়নি। মূলত নিম্নমানের হওয়ায় কাজের এ দশা। যদিও ঠিকাদার প্রতিষ্ঠান পুনরায় কাজ করে দেবে।










