পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্য এক আরোহীসহ দুজন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার কাবারিখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩০) ও জালাল মুন্সির ছেলে মো. বাবু (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আহত হয়েছেন আরেক আরোহী মো. মোমিন (২৭) ও পথচারী আবদুল আওয়াল (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামিরুল ইসলাম চাচাতো ভাই বাবু ও প্রতিবেশী মোমিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গতকাল সকালে কাশিনাথপুর বাজারে তার দোকানে যাচ্ছিলেন। তারা চন্ডীপুর গ্রামের রেললাইন পার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই জামিরুল ও বাবু নিহত হন। মোটরসাইকেলের আরেক আরোহী মোমিন ছিটকে রেললাইনের বাইরে পড়ে গুরুতর আহত হন। আর ছিটকে পড়া মোটরসাইকেলের আঘাতে পথচারী আবদুল আওয়ালও আহত হন।

ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই ইসলাম আলী বলেন, ‘গ্রামীণ রাস্তা হওয়ায় সেখানে কোনো রেলগেট নেই। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।’