সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে
নৌ-পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা কামালপুরে পাটলাই নদীর তীর থেকে এ ধর্মঘট শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ নৌ-পরিবহন শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে সুনামগঞ্জ নৌ-পরিবহন শ্রমিক সমবায় সমিতির সভাপতি সফিজুল ইসলামের নেতৃত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পংকজ তালুকদার, ইলিয়াছ মিয়া, আশরাফুল ইসলাম, জিলানী তালুকদার, রতন পাল, কংকন বাবু প্রমুখ।
এ সময় পরিবহন শ্রমিক নেতারা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিআইডব্লিওটিএর ইজারাদার আশরাফুজ্জামান রনি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল হকের নেতৃত্বে নৌযানপ্রতি ২-১০ হাজার টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। চাহিদামতো চাঁদা না দিলে ইজারাদারের কর্মীরা নৌ-শ্রমিকদের মারপিট করে।
তাহিরপুর থানার ওসি আবদুল লতিফ তরফদার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










