খুলনার সোনাডাঙ্গা থানার আরামবাগ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় নৌবাহিনীর একজন সদস্য ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রাত ১২টার পর এ ঘটনা ঘটে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে নগরের আরামবাগ এলাকার একটি বাড়িতে সন্ত্রাসীরা বৈঠক করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়।

অভিযানে ১১ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তিনটি পিস্তল, একটি শটগান, একটি কাটা বন্দুক ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে সাতটি মোটরসাইকেল। গোলাগুলিতে নৌবাহিনীর এক সদস্য ও পুলিশের দুজন আহত হন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন—খুলনার শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশ (৩৩), কালা লাভলু ওরফে রুবেল ইসলাম (৩৫), আরিফুল (২৭), ফজলে রাব্বি রাজন (২৬), মোহাম্মদ লিয়ন শরীফ (৩৩), ইমরানুজ্জামান (৩৩), ইমরান (৩৫), রিপন (৩৮), সৈকত রহমান (২৭), মহিদুল ইসলাম (৩৫) ও গোলাম রব্বানী (২৬)।

পরে রাত ৩টার দিকে অভিযান শেষ হয়। আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।