ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মেডিস্ক্যান হাসপাতালের পাশে একটি ভবনের পাঁচ তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন গৃহকর্তা আশীষ (৪০) ও তার স্ত্রী টুম্পা রানী (৩০) এবং তার ছেলে রিক (১০)। তারা ওই ভবনে ভাড়া থাকতেন। এরমধ্যে আশীষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রাত ৮টা ৪৮ মিনিটের ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে নেওয়া হয় ফেনী জেনারেল হাসপাতালে। ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, বিদ্যুতের ফেইজের কানেকশান ক্রুটিপূর্ণ হওয়ায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি প্রায় তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ফৌজুল কবির বলেন, অগ্নিদগ্ধ আশীষের অবস্থা সংকটাপন্ন। এছাড়া টুম্পা রানীর দেহের ৩৫-৪০ শতাংশ এবং তার ছেলে রিকের ৪০-৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের পাঠানো হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।










