নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘কোনো স্বতন্ত্র, হেভিওয়েট বা লাইটওয়েট প্রার্থী বুঝি না। আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে বুঝি। সব প্রার্থী আমাদের কাছে সমান, সেভাবে নির্দেশনা দিয়েছি। যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গতকাল দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) এ নির্বাচন কমিশনার বলেন, ‘আচরণবিধি যাতে ঠিক থাকে সেজন্য ভোটের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ৩০০ আসনে ৩০০ জন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা রয়েছেন, তারাও অভিযোগ পেলে তদন্ত করছেন, খতিয়ে দেখছেন। তারা কমিশনে কোনো কিছু পাঠালে কমিশন ব্যবস্থাও নিচ্ছে। যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে সে বিবেচনায় ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযোগ যেমন ব্যবস্থাও তেমন গ্রহণ করা হচ্ছে।’

একটি ভালো ভোটের জন্য সবার সমন্বয় দরকার বলে মনে করেন ইসি রাশেদা। তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে সমন্বয়ের সম্পর্ক উন্নত করেছি। সেটি যাতে আরো দৃঢ়, মজবুত হয় সে ব্যবস্থা করছি। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীরা তৎপর। প্রতিটি স্তরে স্তরে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে। কোথাও কোনো রকম অস্থিতিশীল অবস্থা, ভোটের পরিবেশ নষ্ট হওয়ার সুযোগ নেই। আমরা সচেষ্ট আছি, আরো সচেষ্ট থাকব। ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরিতে আমরা ব্যস্ত আছি।’