ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ জুলাই থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য পুলিশ মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে গত বছরের ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে দেড় বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। এ মেয়াদ শেষ হচ্ছে ১১ জুলাই।

আইজিপি হিসেবে যোগদানের আগে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ছিলেন। তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর অষ্টম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকাwরী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের বিভিন্ন ইউনিট, বিশেষ করে পুলিশ হেডকোয়ার্টার্স, সিআইডি, ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জ এবং সর্বশেষ র‌্যাবে দায়িত্ব পালন করেছেন।

তার দীর্ঘ গৌরবময় চাকরিকালে তিনি ডিএমপিতে সহকারী কমিশনার, এপিবিএনে সহকারী পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলায় সার্কেল এএসপি, চাঁদপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিএমপিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নীলফামারী জেলার পুলিশ সুপার ছিলেন। ডিএমপিতে উপপুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (সংস্থাপন) ও এআইজি (গোপনীয়) এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন।

এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (অপারেশনস) ও ডিআইজি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভের পর তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পদ অলংকৃত করেন। তিনি সিআইডি প্রধান (অতিরিক্ত আইজিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ১৪ এপ্রিল র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পান।