টানা চার দফা মূল্যবৃদ্ধির পর গত মঙ্গলবার দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন নির্ধারিত দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা, যা আগের দামের তুলনায় ১ হাজার ২৪৮ টাকা কম। যদিও দুদিন পর আবার বেড়েছে দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৩০ হাজার ১১২ ও সনাতনীর প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকায় বিক্রি করা হবে।
গতকাল অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।















