সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় নৌকা ডুবে নিখোঁজ বৃদ্ধ সাইদুর রহমান প্রামাণিকের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ এলাকায় যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন নিহতের স্বজনরা।
সাইদুর রহমান প্রামাণিক উল্লাপাড়া উপজেলার মানিকদিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
নিহতের ভাতিজা আসলাম উদ্দিন জানান, নিখোঁজের পরে রাজশাহীর ডুবুরি দল দুদিন খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে শুক্রবার বিকালে তারা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। পরে তারা নিজেরা নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। একপর্যায়ে গতকাল দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ এলাকায় যমুনা নদীতে মরদেহটি ভাসতে দেখে তা উদ্ধার করেন। সাইদুর রহমান প্রামাণিক একটি বাইচের নৌকার মাঝি ছিলেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার শহররক্ষা বাঁধ এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা। এতে সাইদুর প্রামাণিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। ওইদিন রাতে ও পরদিন দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। গতকাল দুপুরে তার মরদেহ উদ্ধার হয়।
এদিকে ওই নৌকাবাইচ চলাকালে দর্শনার্থীবোঝাই আরো একটি নৌকা ডুবে হানিফ নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। হানিফ বরিশাল জেলার বিমানবন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।










