মাগুরায় একটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জালাল মোল্যা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলার মহম্মদপুরের চালিমিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জালাল মোল্যা চালিমিয়া গ্রামের মৃত রহমান মোল্যার ছেলে। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, একই গ্রামের আকিদুল মোল্যার সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে আকিদুল মোল্লার নেতৃত্বে তার সমর্থকেরা জালাল মোল্যার ভোগদখলীয় জমি দখল নিতে আসে। এ সময় তাদের বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

এ হামলায় জালাল মোল্যাসহ ৭ জন আহত হয়। গুরুতর আহত জালাল মোল্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে জালাল মোল্যা মারা যান। আহত অন্যদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আরিফ, আকবর ও নাঈম নামে ৩ জনকে আটক করেছে।