২০২৫ সালে যারা পবিত্র হজ পালনে ইচ্ছুক তাদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৩ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের এই সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে। তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।
তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ কে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘ পথ হাঁটতে হবে যা কষ্টকর হবে। সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।










