রাজনৈতিক দলের নেতাদের হিসাব-নিকাশ করে কথা বলা উচিত বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘গোপালগঞ্জে যা হয়েছে, তা আমরা ভুলে যাইনি। কর্মসূচি দেয়ার ও কথা বলার সময় প্রতিটি রাজনৈতিক দল ও ব্যক্তিকে হিসাব-নিকাশ করতে হবে। কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। এজন্য রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।’ ‎গতকাল বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘৫ আগস্টের পর কিছু রাজনৈতিক দলের কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের মনে আঘাত করে। অথচ যে তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছেন, তাকে নিয়ে অরুচিকর মন্তব্য আমরা আশা করি না।’

তিনি বলেন, ‘এখনো সুযোগ আছে যেভাবে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, সেভাবে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাতে বাংলাদেশের মানুষ স্বাভাবিক পরিবেশ পায়, স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে।’

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান এ্যানি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।