নরসিংদীতে হানিফ মিয়া (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাত ৮টায় শহরের চৌয়ালা এলাকার হক সাইজিংয়ের পাশের সরু গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হানিফ শহরের ব্রাহ্মণপাড়া এলাকার নুরুল মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, চৌয়ালা একটি শিল্প এলাকা। এখানকার মিলগুলো শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকে। আজকে বিকাল ৪টায় শ্রমিকরা কাজে এসে হক সাইজিংয়ের পাশের সরু গলিতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা সেনাবাহিনীর সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে এসে রাত ৮টায় মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিয়ে যান।


স্থানীয়রা জানান, গলিটি খুবই সরু। এ গলি দিয়ে কোনো লোক চলাচল করে না। আজকে মিল বন্ধ থাকার সময় চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হতে পারে। সে এখানকার কোনো মিলের শ্রমিক না। তাকে কেউ চিনতেও পারছে না। পরে স্বজনরা হাসপাতালে এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।


নিহতের ভাই মকবুল মিয়া জানান, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বৃষ্টির সময় হানিফ বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়ি ফেরেননি। পরের দিন খবর পেয়ে সদর হাসপাতালের মর্গে এসে মরদেহ দেখতে পান তিনি।


সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে এসেছি। ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।


চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু খান বলেন, প্রতি শুক্রবারই আমাদের মিলগুলো বন্ধ থাকে। পরে মিল খুললে দেখতে পাওয়া যায় কারো মোটর নেই, আবার কারো লোহা নেই। আমরা ধারণা করছি, আজকে মিলে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।