মানিকগঞ্জে যমুনার ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন। গত শনিবার (৭ জুন) ঈদের দিন বিকেলে পানির তীব্র স্রোতে ব্যাপক ভাঙন দেখা দিলে হঠাৎই নদীগর্ভে চলে যায় ভবনটি। স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি মানিকগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বেড়ে তীব্র স্রোত তৈরি হয়েছে। স্রোতের কারণে নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। তীব্র ভাঙনের মুখে একপর্যায়ে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যায়।
বাচামাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, ভবনের ভিতর থাকা চেয়ার টেবিলসহ কিছু আসবাবপত্র বের করা গেলেও স্টিলের আলমারিসহ বেশকিছু ভারি জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন জানান, ভাঙনের তীব্রতার খবর পেয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় প্রকৌশলীকে পাঠানো হয়। ছুটির কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া যায়নি। পানির তীব্র স্রোতে শনিবার বিদ্যালয় ভবনটি সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে যায়।










