আরাকান আর্মির হাতে আটক ৫ বাংলাদেশী জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে মিয়ানমারের জলসীমায় আটক হওয়া এই ৫ বাংলাদেশি জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে আরাকান আর্মি।
ফিরিয়ে আনা ওই ৫ বাংলাদেশিরা হলেন— মো. আলম (২২), মো. রাসেল মিয়া (২৩), মো. সাইফুল মিয়া (১৭), মো. বোরহান উদ্দিন (১৯) এবং মো. রাশেদ (২৪)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা।
এর আগে সোমবার (৭ অক্টোবর) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৫ জন জেলে মাছ ধরতে নাফ নদীতে যান। ভুলবশত তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের ট্রলারসহ আটক করে। বিজিবির প্রচেষ্টায় আজ তারা বাংলাদেশে ফিরেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের পর থেকে নাফ নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও অনেক জেলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নদীতে মাছ ধরতে যান। এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিজিবি।










