রংপুর নগরীর মনোহর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন বাংলাদেশের গেমস চেঞ্জার গ্রান্ড প্রোগ্রামের অর্থায়নে গতকাল এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, বিশ্বে ৭৫ শতাংশ মানুষ হৃদরোগ ও ক্যান্সারে মৃত্যুবরণ করে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়। এতে ক্যান্সার ও হৃদরোগের মতো অসংক্রামক রোগের ঝুঁকি কমে। শরীরচর্চা ও খেলাধুলার পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মমাফিক জীবনযাপন গুরুত্বপূর্ণ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক ড. মোহাম্মদ মেহেদী হাসান। এতে বক্তব্য রাখেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় বিবি রিতা ও মনোহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর বলেন, ‘সুস্বাস্থ্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায়, দীর্ঘকাল ধরে সচল ও কর্মক্ষম থাকতে সাহায্য করে, মানসিক প্রশান্তি ও শারীরিক সার্বিক সুস্থতা বৃদ্ধি করে এবং কম পরিশ্রমে দৈনন্দিন কার্যাবলি সম্পন্ন করার ক্ষমতা বাড়ায়। এক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, মানসিক চাপ হ্রাস, সঠিক দৈহিক গঠন ও সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক ও চারিত্রিক গুণাবলি অর্জন করতে সহায়তা করে।’
এদিকে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় খেলাধুলা উৎসব। বিদ্যালয় মাঠে জাতীয় খেলা হা-ডু-ডু, দড়ি লম্ফ, দাঁড়িয়াবান্ধা, লং জাম্প, ভারসাম্য দৌড়, বস্তা দৌড়, মোরগ যুদ্ধে শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রীড়াসামগ্রী তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।










