আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে গতকাল সংঘর্ষে জড়িয়েছে পরস্পরবিরোধী দুটি পক্ষ। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরের এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে জয়নাল মাতবর ও জহির ঢালীর মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল দুপুরে জয়নাল মাতবরের লোকজন ঘটকবাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আতঙ্ক ছড়াতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন অন্তত পাঁচজন। এ সময় বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়িতে ভাংচুর এবং লুটপাট চালানো হয়। আক্রান্ত হয় স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সোহবার সরদারের ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশকিছু দেশীয় অস্ত্র। 

ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও ঘটনার পর আতঙ্ক কাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন জয়নাল মাতবর ও জহির ঢালী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। একাধিকবার সংঘর্ষের পাশাপাশি এ নিয়ে মামলাও হয়েছে, কিন্তু নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা বারবার সংঘর্ষে জড়ায়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।