চলমান কভিড-১৯ মহামারী সংক্রমণ রোধে গতবারের মতো এবারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে বহাল থাকছে নানা বিধিনিষেধ। সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুজন একসঙ্গে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এর বেশিসংখ্যক ব্যক্তিকে একসঙ্গে প্রবেশ না করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি জানান।
উপাচার্য বলেন, মহামারী বিবেচনায় গত বছরের মতো এ বছরও একই নির্দেশনা বহাল থাকছে। এক্ষেত্রে সবাইকে অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে আসা সবাইকে করোনা টিকা সনদ সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অমর একুশে উদযাপন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ্, যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
এ সময় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন, রাজনৈতিক দল, সংগঠন, গণমাধ্যমকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বছর সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় তিন ফুট পরপর চিহ্ন আঁকা হচ্ছে। এই চিহ্ন অনুসরণ করে সবাইকে পর্যায়ক্রমে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে হবে। এক্ষেত্রে যথাযথভাবে রুট ম্যাপ অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, বিভিন্ন প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা হ্যান্ড মাইক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে প্রচারণা চালানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মনিটর করার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা ২টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন সবাইকে পলাশী ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। আর দোয়েল চত্বরের দিকের রাস্তা অথবা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনার থেকে বের হওয়া যাবে। এদিন বকশীবাজার-জগন্নাথ হল ক্রসিং, চানখাঁরপুল-রোমানা চত্বর ক্রসিং, টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং, উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং বন্ধ থাকবে। পাশাপাশি ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত রাস্তায় আল্পনা অঙ্কনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তা বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।










