২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে নতুন করে এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে আজ দাম কমানোর সিদ্ধান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নতুন দাম হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
এর আগে গতকাল ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
স্বর্ণের দাম কমলেও রৌপ্যের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রৌপ্যের প্রতি ভরির দাম ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।















