মেহেরপুরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময় সদর উপজেলার সুবিদপুর গ্রামের মনোয়ার হোসেনের জমিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের মনোয়ার হোসেন বাবরপাড়ার মাঠে পাঁচ বিঘা জমিতে কলার আবাদ করেছিলেন। গতকাল সকালে তিনি জমিতে কাজ করতে গিয়ে দেখেন প্রায় ৩০০ কলাগাছ মাটিতে পড়ে আছে।
মনোয়ার হোসেন জানান, প্রায় ৩০০ কলা গাছ কাটায় আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এর আগেও আমার ১২২টি কলাগাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে সদর থানায় একজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ জানান, এমন ঘটনা আমার জানা নেই। তবে কেউ থানায় অভিযোগ করে আমাদের অবহিত করলে আমরা তদন্ত করে দেখব।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।










