পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে রায়পুরায় দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) ও রাহাত (২২) নামে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং রাহাত একই এলাকার রবিউল্লাহর ছেলে বলে জানা গেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ও স্থানীয়রা জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে নজরপুর গ্রামের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাণ্ডের পর থেকেই রুবেল গ্রুপ এবং বাছেদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলেছিল। এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে এলাকায় দুই পক্ষ ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
ঘটনাস্থলেই রুবেল গ্রুপের সাইফুল ইসলামকে গুলি করে এবং হাত—পায়ের রগ কেটে হত্যা করা হয়। অপরদিকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত রাহাত (২২) নামে অপর যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয় বলে জানতে পেরেছি। তবে এখনো নিশ্চিত হতে পারিনি। মরদেহ ফেরত এলে নিশ্চিত হতে পারবো। গুলিবিদ্ধের বিষয়টিও নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।










