ঢাকার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে
টানা সাত দিন বিক্ষোভের পর কাজে ফিরেছেন শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা। আজ রোববার (৫ নভেম্বর)
সকালে সরেজমিনে দেখা যায়, ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া,
ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, পোশাক কারখানায় শ্রমিকরা
স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
জামগড়া ছয়তলা এলাকার একটি পোশাক কারখানার
নিরাপত্তা কর্মী কামাল বলেন, সকাল ৮টা থেকে আমাদের কারখানায় কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত
কোন সমস্যা হয়নি।
এসব এলাকার সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা
দিতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বেলা ১১টা নাগাদ এই প্রতিবেদন লেখা
পর্যন্ত সাভার-আশুলিয়ার কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার
মাহমুদ নাসের জনি বলেন, আশুলিয়া ও সাভারে আজ সকাল থেকে সব কারখানায় কাজ চলছে। এখন পর্যন্ত
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজ করছেন।










