বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত পদ্মা ব্যারাজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু ও কৃষি ঋণ মওকুফ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে গতকাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ‘আমরা সরকার গঠন করলে বরেন্দ্র সেচ প্রকল্প ও পদ্মা ব্যারাজের নির্মাণকাজে অগ্রাধিকার ভিত্তিতে হাত দিতে চাই। এ প্রকল্পের বাস্তবায়ন হলে তার সুফল কেবল রাজশাহীর নয়, বরং ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়ের কৃষকরা পর্যন্ত এর সুবিধা ভোগ করবেন।’

কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের পাশাপাশি রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়ার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। চাষীদের আর্থিকভাবে লাভবান করতে আমের জন্য হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনের জন্য বিখ্যাত হলেও এ অঞ্চলে তা সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই। ফলে চাষীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। বিএনপির পরিকল্পনায় আম সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি রয়েছে। কীভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়; সেটা পরীক্ষা-নিরীক্ষা করে আমরা হিমাগার তৈরি করতে চাই এ এলাকায়।’

বেকারদের জন্য কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে অচল হয়ে পড়া আইটি পার্কগুলোকে পুনরায় সচলের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। তিনি বলেন, ‘রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত হলেও এখানে কর্মসংস্থানের বড় সংকট রয়েছে। এখানে একটি আইটি পার্ক থাকলেও সেটি কার্যত অচল অবস্থায় রয়েছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এ আইটি পার্ককে সচল করে শিক্ষিত ও দক্ষ বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আইটি খাতে পারদর্শী তরুণদের কাজে লাগিয়ে রাজশাহীকে পরিণত করা হবে একটি কার্যকর কর্মসংস্থান কেন্দ্রে। তারা যেন এখানকার প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশে ব্যবসা করতে পারেন অথবা বিদেশে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।’

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে জনসভা করেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণার জন্য রাজশাহী পৌঁছেই হযরত শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। তার আগে দুপুর ১২টার পর শাহ মখদুম বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। জনসভায় তারেক রহমান বক্তব্য শুরু করেন বেলা ২টার দিকে। শুরুতেই রাজশাহী অঞ্চলের এক একটি সমস্যা তুলে ধরে তার সমাধান ব্যক্ত করেন এবং নির্বাচনে জয়ী হলে তিনি বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে তার বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

জনসভা মঞ্চে তারেক রহমান রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩ প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষ করে বিএনপি চেয়ারম্যান নওগাঁর উদ্দেশে রওনা হন। সেখানে এটিএম মাঠে বক্তব্য দেয়ার পর রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি জনসভায় যোগ দেন।

সমাবেশে মিজানুর রহমান মিনু, হারুন উর-রশীদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবু সাইদ চাঁদ প্রমুখ উপস্থিত ছিলেন।