ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এতে গত কদিন চাপ না থাকলেও আজ শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই ফেরি ও লঞ্চে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। তবে রাস্তায় কিংবা ফেরিঘাটে কোনো ধরনের ভোগান্তি না থাকায় নিরাপদ ও স্বস্তিতে পারাপার হচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পাটুরিয়াঘাটে আসছে যাত্রীরা। সবচেয়ে বেশি আসছে মোটরসাইকেলের যাত্রী। লঞ্চঘাটেও যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে ১৫টি ফেরি ও ১৮ টি লঞ্চ চলাচল করছে।

অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌরুটেও যাত্রীর চাপ বেড়েছে। পাবনার কাজিরহাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে আরিচাঘাটে আসছে যাত্রীরা।