নোয়াখালীতে আওয়ামী লীগের তিন পক্ষের সমাবেশকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিহাব উদ্দিন শাহিনের চার অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গল ও বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গত বুধবার রাতে এ ঘটনায় সুধারাম থানার উপপরিদর্শক কামাল উদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলো অস্ত্রধারী মো. রাফেজ, সহযোগী মো. আবুল হায়াত রায়হান প্রাকাশ খালাশী রায়হান, মো. ইউনুছ ও নুরুল আমিন।

গত রোববার বিকালে জেলা শহর মাইজদীতে বিবদমান তিন পক্ষের পাল্টাপাল্টি শোডাউনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নোয়াখালী জেলা স্কুলের সামনে প্রধান সড়কে গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায় অস্ত্র হাতে বেশ কয়েকজন যুবক দৌড়াচ্ছে এবং দুজন প্রকাশ্যে গুলি ছুড়ছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, অস্ত্রধারীরা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিহাব উদ্দিন শাহিনের অনুসারী। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।