রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনায় যাওয়ার পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ থেকে আসা দলের নেতাকর্মীরা গতকাল বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় এ হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে নেতাকর্মীদের বহনকারী বাসটি পূর্বাচলের দিকে যাওয়ার সময় আমতলা এলাকায় দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় বাসটি ভাংচুর এবং চালককে মারধর করা হয়। আহত চালককে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ‘নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হঠাৎ করে তাদের গাড়িবহরে হামলা চালায়। হামলায় গাড়িচালক গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি মো. কুহিনর মিয়া বলেন, ‘আহত বাসচালককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হেলপার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বাসটি কিশোরগঞ্জ থেকে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঢাকায় যাচ্ছিল। মনোহরদী উপজেলার ড্রেনের ঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানচালকের সঙ্গে তারা তর্কে জড়ায়। পরে শিবপুরের আমতলা এলাকায় এসে ওই পিকআপ ভ্যানচালক ও তার সহযোগীরা বাসটিতে হামলা ও ভাংচুর চালায়।’